শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

পাম্পে ডিউটিরত পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের বিবৃতি

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডিউটিরত এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়, এর আগে গত ২৯ মার্চ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জ্বালানি তেল সংক্রান্ত এক সভায় জরুরি সেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকদের বিকল্প লাইনে তেল সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সংশ্লিষ্টরা বিকল্প লাইনে তেল সংগ্রহ করে আসছিলেন। কিন্তু ১৬ এপ্রিল উক্ত পুলিশ সদস্য জরুরি প্রয়োজনে বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে গেলে সেখানে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন বলে বিবৃতিতে জানানো হয়।

জেলা পুলিশ আরও জানায়, বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে সর্বদা জনগণের নিরাপত্তা প্রদান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় নিয়োজিত রয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সুষম বণ্টন নিশ্চিতকরণ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জরুরি পরিষেবায় নিয়োজিত পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং জনসেবায় নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল সকালে আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম প্রচলিত নিয়ম ভেঙে মোটরসাইকেলে তেল নিতে যান। এ জন্য তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহর নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল বেলা আনুমানিক ১১টার দিকে ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় নিজের ব্যবহৃত মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহকালে চুয়াডাঙ্গা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ৫০০ টাকা জরিমানা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন