চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আলী (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২১ মার্চ) বিকেলে শহরের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন- শহরের শ্মশানপাড়ার ইমন হোসেনের ছেলে হৃদয় হোসেন এবং পৌর এলাকার হাজরাহাটীর পটলা পীরের ছেলে ইন্তাদুল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সুরুজ আলী ও হৃদয় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক সুরুজ আলীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন হতাহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাইসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।
খুলনা গেজেট/এএজে

