শনিবার । ১৪ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

চুয়াডাঙ্গায় নারীকে কুপিয়ে হত্যা

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তামাক ক্ষেত থেকে হাত-মুখ বাঁধা ও এলোপাতাড়ি কোপানো অবস্থায় জোবেদা খাতুন (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর-দলিয়ারপুর গ্রামের গ্রামের মৃত শরিফ উদ্দিনের তামাক ক্ষেত থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত জোবেদা খাতুন দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী। শুক্রবার সকালে ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পরবর্তীতে ইফতারের সময় হয়ে গেলেও বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গোপালপুর-দলিয়ারপুর গ্রামের মাঠের একটি তামাক ক্ষেতের মধ্যে হাত-মুখ বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, মাঠে কাজ করা পরিচিত এক বা একাধিক ব্যক্তি ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানির ভয়ে ধর্ষণ শেষে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন স্থানীয়দের বরাতে জানান, সকালে ঘাস কাটতে গিয়ে ওই নারী আর বাড়ি ফেরেননি। পরে স্থানীয়রা তামাক ক্ষেতের মধ্যে হাত-মুখ বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলার সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের (ক্রাইম এন্ড অপস্), সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সুরতহাল রিপোর্ট তৈরির পর রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় নেয়া হয়েছে। এটি নিশ্চিত হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন