চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদের কচুরিপানার ভেতর থেকে শিমুল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার মরদেহটি করেছে পুলিশ। নিহত শিমুল ওই উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সাতদিন আগে শিমুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তার আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ ভৈরব নদের কচুরিপানার ভেতরে তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

