মঙ্গলবার । ১৩ই জানুয়ারি, ২০২৬ । ২৯শে পৌষ, ১৪৩২

ঘাসের বস্তায় ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক ২

গেজেট প্রতিবেদন

মেহেরপুরের বাজিতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওল হোসেলের ছেলে মো. আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার সাহাপুর গ্রামের মিরাজুর শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬) জানতে পারে, মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণ পাচার করা হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে একটি সশস্ত্র ও চৌকস অভিযানিক দল সীমান্ত পিলার ১১৭/৬-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে মাঠের মধ্যে ওঁত পেতে অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে ভারতীয় সীমান্তের দিকে যাওয়ার সময় দুই সন্দেহভাজনকে দেখে বিজিবি থামার নির্দেশ দেয়। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।

তল্লাশির সময় তাদের বহন করা ঘাসভর্তি বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাদা স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খুলে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা বলে জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বিজিবির হাবিলদার মো. শাজাহান সিরাজ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় দুইজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন