মোরেলগঞ্জে গাছে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ, মুখে বিষের আলামত

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জাহিদুল ইসলাম হাওলাদার (২০) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় তার মুখে বিষ ঢালার আলামত পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ওই গ্রামের কৃষক মনিরুল ইসলামের ছেলে এবং মোরেলগঞ্জ সদরের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বাদশ (২য়) বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবারের দাবি, পার্শ্ববর্তী জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলার এক বিবাহিত নারী টিকটকারের সাথে জাহিদুল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সম্পর্কের টানাপোড়েন ও খেসারত হিসেবেই জাহিদুল বিষপান করে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়ির অদূরে একটি গাছের সাথে জাহিদুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদুলের মরদেহ উদ্ধারের পাশাপাশি গাছের নিচে পড়ে থাকা তার ব্যবহৃত জামা, গেঞ্জি, জুতা ও একটি বিষের বোতল জব্দ করে। এছাড়া নিহতের প্যান্টের পকেট থেকে সিগারেট, গ্যাসলাইট, এক নারীর ছবি ও একটি চিরকুট উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে চিরকুটে কী লেখা ছিল, সে বিষয়ে পুলিশ এখনই কিছু জানাতে রাজি হয়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, জাহিদুলের মৃত্যুকে ঘিরে নানা ধরনের তথ্য ও গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তার মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন