বাগেরহাটের মোরেলগঞ্জের নির্মাণাধীন মাদ্রাসা ভবন সংলগ্ন সেপটিক নির্মাণ কাজ চলার সময় ট্যাংকের দেয়ার ধসে কর্মরত মিস্ত্রি আতিয়ার রহমান (৪৫) নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। শনিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান যশোর জেলার কোতোয়ালি থানার লেবুখালী গ্রামের বদর উদ্দিনের ছেলে।
আহত শ্রমিক মমিনুর রহমান বলেন, বাইরের দিকের মাটির চাপে হঠাৎ দেয়াল ধসে পড়ে। সেখানে ৩ জন শ্রমিক ছিলো। দুজন কোনমতে বের হতে পারলেও মিস্ত্রি আতিয়ার রহমান দেয়াল চাপা পড়ে হাত পা ভেঙে পানির মধ্যে আটকে থাকে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বৃষ্টি ও কাদাপানির মধ্যে কয়েকজন নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন। ওই সময় একদিকের দেয়াল ধসে পড়ে। এতে ৩ জন শ্রমিক পানির মধ্যে চাপা পড়লে আতিয়ার রহমান মারা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করাতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম

