রবিবার । ২৪শে মে, ২০২৬ । ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে শিশু হত্যার অভিযোগ, সৎ মা আটক

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা (৭) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লখপুর এলাকায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা রুকাইয়া শিকদারকে আটক করেছে পুলিশ।

নিহত শিশু উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার সৈকত শেখের ছেলে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু তালহার নিজের মা মনিরা বেগম এক বছর আগে স্বামীকে ছেড়ে অন্য জায়গায় চলে যান। এরপর তার বাবা সৈকত শেখ দ্বিতীয় বিয়ে করে লখপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। বাবা-মায়ের ছাড়াছাড়ির পর থেকে তালহা তার দাদার কাছে থাকত। গত ৪ দিন আগে সে বাবার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকাল ১০টার দিকে প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার ওই শিশুকে এক ফুট উচ্চতার একটি পানির বালতির ভেতর উল্টো হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরীর নিজের মা মনিরা বেগম ও বাবা সৈকত শেখের দাবি, শিশুটিকে বালতির পানিতে চুবিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, আটক সৎ মা রুকাইয়া শিকদারের দাবি, তিনি কাজের প্রয়োজনে বাইরে ছিলেন এবং ফিরে এসে শিশুকে বালতির ভেতর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

জেলা পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাবদার বলেন, প্রথম দৃষ্টে শিশুটির মৃত্যু অস্বাভাবিক মনে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন