শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

হাদি হত্যার বিচার ও লীগমুক্ত পুলিশ বাহিনী করার দা‌বি ভিপি সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে গণভোটে হ্যা‘র পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

সাদিক কায়েম আরও বলেন, শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে হামলা যারা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে পুলিশের মধ্যে পুলিশ লীগের যে সদস্যরা আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশকে লীগ মুক্ত করতে হবে। সেই সাথে শহীদ ওসমান হাদীসহ সকল শহীদদের হত্যাকারীর বিচারের দাবি জানান এই ছাত্র নেতা।

এসময়, বাংলাদেশ জামায়াতে ইসলা্মী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাগেরহাট শাখার আহবায়ক এসএম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার সেক্রেটারি মোঃ ইউনুস শেখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচন ইস্যুতে সাদিক কায়েম বলেন, স্বাধীনতার পরে আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। নিজেদের ভাগ্যের পরিবর্তন হয় না, তারা আমাদের প্রতারিত করেছে। আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে এবার দাড়ি পাল্লায় ভোট দিতে চাই।

এছাড়া বাগেরহাট-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্র নেতা সাদিক কায়েম বলেন, শেখ মঞ্জুরুল হক রাহাদ বিজয়ী হলে, শাসক হবেন না। বাগেরহাটবাসীর সেবক হবেন। বাগেরহাটের সকল সমস্যায় আপনারা তাকে পাশে পাবেন।

গণভোট ইস্যুতে সাদিক কায়েম বলেন, গণভোটে হ্যা দেওয়া মানে আজাদী। এই দেশকে শোষনমুক্ত দেশ হিসেবে গড়তে সকলকে গণভোটে হ্যা ভোট দেওয়ার আহবান জানান এই ছাত্র নেতা।

এর আগে মাজার মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শরিফ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার এবং ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থানে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন ছাত্র নেতা বেলাল হোসেন অপু।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন