বাগেরহাটে নির্বাচনকালীন নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা পৌর কাউন্সিলর দোলন মোল্লাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ভোর রাত চারটা পর্যন্ত নাগেরবাজার এলাকায় ব্যবসায়ী মধুসূদন ধামের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় ৮ বোতল বিয়ার, নগদ ৫ লাখ ৩৫ হাজার ৫৩০ টাকা, ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল ও ৮টি চেক বই জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দোলন মোল্লা, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্যবসায়ী মধুসূদন ধাম ও আওয়ামী লীগ কর্মী মোঃ মাসুম বিল্লাহ।
বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের ২৩ আর-ই ব্যাটালিয়ন প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধুসূদন ধাম আসন্ন নির্বাচনে নাশকতার সৃষ্টি করার জন্য বাগেরহাটে আওয়ামী লীগের সাবেক এমপি শেখ তন্ময়ের সাথে প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আসছিলেন। দোলন মোল্লার ব্যক্তিগত মোবাইল চেক করার পর বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের সাথে দোলনের প্রতিনিয়ত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এনএম

