মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

শীতের আগমনী বার্তা খেজুর রসে, রামপালের গাছিরা ব্যস্ত পরিচর্যায়

রামপাল প্রতিনিধি

শীতের আগমন ঘনিয়ে আসছে। আর এই সময়টাতেই ব্যস্ত হয়ে পড়েছেন রামপাল উপজেলার খেজুর গাছিরা। শীতের মিষ্টি রস আর সুস্বাদু গুড় তৈরির আশায় এখন থেকেই তারা খেজুর গাছ পরিচর্যা, পরিষ্কার ও ছাল ছাড়ানোর কাজে দিনরাত পরিশ্রম করছেন।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, গাছিরা কেউ গাছ পরিষ্কার করছেন, কেউবা বাঁশের সিঁড়ি বেয়ে গাছের মাথায় উঠে খুন্তি লাগানোর কাজে ব্যস্ত। গ্রামের পর গ্রামে এখন শোনা যাচ্ছে খেজুর রসের প্রস্তুতির ধ্বনি।

স্থানীয় খেজুর গাছি শাওন মিয়া বলেন, শীতের আগে গাছ প্রস্তুত করতেই এখন সবচেয়ে ব্যস্ত সময়। গাছ ঠিকভাবে না কাটলে বা ছাল না ছাড়ালে রস আসে না। তাই ভালো রস পাওয়ার আশায় এখন থেকেই গাছের যতœ নিচ্ছি।”

তিনি আরও জানান, “একটা গাছ থেকে যদি ভালো রস পাওয়া যায়, তবে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত লাভ হয়। শীতের তিন-চার মাস এই আয় দিয়েই সংসার চলে।”

খেজুর রস ও গুড়ের চাহিদা শুধু স্থানীয় বাজারেই নয়, দূরদূরান্তেও ব্যাপক। রামপালে খেজুর গুড় ইতোমধ্যেই আশপাশের জেলাগুলোতে জনপ্রিয়তা পেয়েছে।

উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম বলেন, সঠিক পদ্ধতিতে গাছ পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে খেজুর রসের উৎপাদন বৃদ্ধি পাবে এবং গাছের আয়ুও বাড়বে।”

শীতের আগমনী বার্তা যেন রামপালের গাছিদের কাছে আসে মিষ্টি রসের সুবাসে ভরপুর এক নতুন আশার গল্প।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন