শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

মোংলায় মাথাসহ ৩০ কেজি হরিণের মাংস মাটিতে পুঁতল বন বিভাগ

গেজেট ডেস্ক

মোংলায় শিকারিদের ফেলে যাওয়া মাথাসহ ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনরক্ষীরা। রোববার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বৌদ্ধমারী বাজার থেকে এই হরিণের মাংস উদ্ধার করে সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। পরে তা কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস সোমবার (১০ মার্চ) রাতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোববার রাত ২টার দিকে জয়মনির ঘোল এলাকা হতে একদল শিকারি হরিণের মাংস নিয়ে সুন্দরবন থেকে উঠে আসছে। এই খবরে তারা বৌদ্ধমারী বাজারে ওঁৎ পেতে থাকেন। কিন্তু তাদের অবস্থান টের পেয়ে শিকারিরা হরিণের মাংস ফেলে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করে বনরক্ষীরা।

বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস আরও বলেন, যেহেতু এ ঘটনায় কোন শিকারিকে আটক করা যায়নি, তাই বন আইনে ইউডিআর (আনডিটেক্টিভ অফেন্স রিপোর্ট) মামলা হয়েছে। আর উদ্ধারকৃত হরিণের মাংস ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সোমবার দুপুরে চাঁদপাই ষ্টেশনে কেরোসিন ঢেলে নষ্ট করে তা মাটিতে পুঁতে ফেলা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন