মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

কেসিসি মেয়রকে বহনকারী গাড়িতে করিমনের ধাক্কা

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা-মোংলা মহাসড়কে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী পাজেরো গাড়ির পেছনে একটি করিমন ধাক্কা দিয়েছে। এসময় সিটি মেয়র গাড়িতেই ছিলেন। গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মেয়র বা অন্য কেউ আহত হননি। এ ঘটনায় করিমনের চালক পালিয়ে গেলেও করিমনটি জব্দ করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় সিটি মেয়রের গাড়ির সামনে হঠাৎ একটি করিমন এসে থামে। এসময় মেয়রের গাড়ির চালক গাড়ির গতি কমালে পেছন থেকে আরেকটি করিমন এসে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা মেয়রসহ চারজনের কেউই আহত হননি। বাগেরহাটের রামপালে একটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনে তিনি খুলনা থেকে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন।

কাটাখালি হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় সিটি মেয়রের গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর তাৎক্ষণিক করিমনের চালক পালিয়ে গেছেন। তবে করিমনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে একটি করিমন পেছন দিক থেকে এসে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আমি সুস্থ আছি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন