বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটে জমি নিয়ে বিরোধ : ফুফাতো ভাইদের ছুরকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে মশিউর রহমান হাজরা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকালে কচুয়া উপজেলার টেংরাখালী এলাকার হাজরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এক বাড়িতে ওই ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান হাজরা উপজেলার টেংরাখালী গ্রামের প্রয়াত মাসুদ হাজরার ছেলে।

ঘটনার পর অভিযুক্ত দুই ফুফাতো ভাই মো. সাব্বির (২৮) ও মো. বায়েজিদকে (২০) আটক করেছে পুলিশ। সাব্বির ও বায়েজিদ একই গ্রামের হাজরাপাড়া এলাকার ইনদাদ শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, মামা বাড়ির সম্পত্তি নিয়ে ফুফাতো ভাইদের সাথে বিরোধ চলে আসছিল মশিউরদের। এর জেরে বুধবার সকালে ফুফাতো ভাইদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বেলা সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাত করে দুই ফুফাতো ভাই। পরে স্থানীয়রা মশিউরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনি শংকর পাইক বলেন, মশিউর রহমন হাজরা নামের ওই রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছেন তার স্বজনরা। তার ফুসফুসের বামপাশে ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মামা বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দুই ফুফাতো ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন