শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

মোংলায় নিখোঁজের দুইদিন পর গ্রিজার জাবেরের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি

মোংলা পশুর নদী থেকে মো: জাবের আহম্মেদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ও তুরান মিয়ার ছেলে। জাবের ২০২২ সালের ১ জুলাই থেকে ওই জাহাজের গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাইফপোট জেটি এলাকা থেকে ভোর ৪ টার দিকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানা যায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মোংলার পশুর নদীর ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে প্রতিষ্ঠানের নিজস্ব গ্যাসবাহী জাহাজ ‘এমটি ডেলটা-১’ জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার মো: জাবের আহমেদ (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) নিখোঁজ হয়। এর পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায় বলেও জানান কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো: আরদেশ আলী বলেন, বৃহস্পতিবার ভোর ৪টায় সাইফপোট জেটি থেকে ভাসমান অবস্থায় জাহাজের গ্রিজার জাবের আহম্মেদের লাশটি উদ্ধার করা হয়েছে।

মোংলা থানার ওসি তদন্ত বিধান কুমার বিশ্বাস বলেন, লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন