বিশ্বকাপের ফাইনালের মহারণের আগেই রোমাঞ্চের এক নতুন অধ্যায় মঞ্চস্থ হলো মিয়ামি স্টেডিয়ামে। গতকাল শনিবার দিবাগত রাতে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দশ গোলের থ্রিলারে ফ্রান্সকে ৬-৪ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের এই জয়কে ছাপিয়ে ফুটবল বিশ্বের মূল আলোচনায় এখন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন এখন এই ফরাসি ফরোয়ার্ডের দখলে।
ম্যাচের ৪৮ এবং ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্ট থেকে দুটি দর্শনীয় গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই জোড়া গোলের ওপর ভর করেই মেসিকে (২১ গোল) টপকে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ ২২ গোলের মালিক তিনি। ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে দীর্ঘ ১২ বছর এই রেকর্ডটি ১৬ গোল নিয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে ছিল। চলতি আসরে মেসির ফাইনাল ম্যাচ বাকি থাকায় রেকর্ড ভাঙা-গড়ার এই খেলা এখনই থামছে না, তবে আপাতত চূড়ায় বসলেন এমবাপ্পেই।
চলতি আসরে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে গেলেন এমবাপ্পে। এর মাধ্যমে ফুটবল ইতিহাসের মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের একটি একক আসরে ন্যূনতম ১০ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি।
এই জোড়া গোলের পর চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও লিওনেল মেসিকে পেছনে ফেলে সবার ওপরে উঠে গেছেন এমবাপ্পে (১০ গোল)। অন্যদিকে আর্জেন্টিনার মহাতারকা মেসির গোল সংখ্যা বর্তমানে ৮টি। তবে অ্যাসিস্টের দিক থেকে এমবাপ্পে (৩টি) থেকে এখনো এগিয়ে আছেন মেসি (৪টি)। ফলে গোল্ডেন বুট কার হাতে উঠছে, তা নির্ধারণ করতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি শেষ হওয়া পর্যন্ত।
খুলনা গেজেট/এনএম

