ফিফার সূচি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্কালোনি

ক্রীড়া প্রতিবেদক

স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে ফিফার সূচি ও বাধ্যতামূলক মিডিয়া কার্যক্রম নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার অভিযোগ, নিউ জার্সিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই দলকে এমন সময় অনুশীলনে নামতে হয়েছে, যা তারা মোটেও চাননি।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর রাতেই নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা। পরদিন ফিফার নির্ধারিত সংবাদ সম্মেলন ও আনুষ্ঠানিক কার্যক্রমের কারণে দলকে নির্ধারিত সময়ের আগেই অনুশীলন করতে হয়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-কে স্কালোনি বলেন, ‘আমরা এখনই একটু বিশ্রাম নিতে পারছি। গতকাল রাত ১১টার দিকে এখানে পৌঁছেছি। আজ এমন সময় অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে খুব তাড়াহুড়ো করে সেশন শেষ করতে হয়েছে। ফলে কৌশলগতভাবে কিছুই ঠিকমতো অনুশীলন করা সম্ভব হয়নি।’

৪৮ বছর বয়সী এই কোচ টুর্নামেন্টের শুরু থেকেই খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। তার মতে, নকআউট পর্বে ম্যাচের ব্যবধান কমে যাওয়ায় ফুটবলারদের রিকভারির জন্য আরও বেশি সময় প্রয়োজন।

মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেও স্কালোনি বলেছিলেন, বিশ্বকাপ যত শেষের দিকে এগোয়, খেলোয়াড়দের বিশ্রামের গুরুত্ব তত বাড়ে। কিন্তু সূচির কারণে সেই সুযোগ সব সময় পাওয়া যাচ্ছে না।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও একই সুরে কথা বলেন তিনি। স্কালোনি জানান, গত ১৫ দিনে এটি আর্জেন্টিনার পঞ্চম ম্যাচ। তাই এখন তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার খেলোয়াড়দের বিশ্রাম এবং পুরোপুরি ফিট করে তোলা।

তিনি বলেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য বিশ্রাম। এরপর খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়ন করব। কয়েকজন এখনও শতভাগ ফিট নয়। তাদের অবস্থার ওপর ভিত্তি করেই একাদশ ও পরিকল্পনা ঠিক করা হবে।’

আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের হাতছানি এখন স্কালোনিদের সামনে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন