মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন বদল, বাদ পড়ছেন কারা?

গেজেট প্রতিবেদন

বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের রণকৌশল ও একাদশে পরিবর্তন আনার আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে হারতে হারতে জয়ের পর আর্জেন্টিনা দলে অন্তত তিনটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ। নিকোলাস তাগলিয়াফিকো ফিরছেন ফাকুন্দো মেদিনার জায়গায়, লাউতারো মার্টিনেজের বদলে আক্রমণভাগে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। এ ছাড়া থিয়াগো আলমাদার জায়গায় একাদশে আসতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।

বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় পেশির চোট নিয়ে ক্যাম্পে যোগ দেওয়া পারেদেসকে কেন শুরুর দিকে খেলানো যায়নি এবং তার জায়গায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ভূমিকা নিয়ে স্কালোনি বলছিলেন, ‘কাতার বিশ্বকাপের পর পারেদেস যখনই শতভাগ ফিট থেকেছে, খেলেছে। চোট নিয়েও ও দলে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করেছে। ও যখন ছিল না, তখন ম্যাক অ্যালিস্টারই ছিল সেরা বিকল্প। কারণ এনজো (ফার্নান্দেজ) ক্লাবের হয়ে একটু ওপরের দিকে খেলে। তাই আমরা অ্যালিস্টারকে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে বেছে নিই।’

কেপ ভার্দে ম্যাচে দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না স্কালোনি। সেই ভুলগুলো শুধরে নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধু বল দখলে রাখা নয়, প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ঠেকানো। বল পায়ে রেখে ডিফেন্ড করতে হবে এবং তাড়াহুড়ো না করে অন্তত ৫-৬টি পাস তৈরি করে আক্রমণে উঠতে হবে।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ মিশরকে বেশ সমীহ করছেন স্কালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে জিতে আসা মিশরকে নিয়ে তিনি বলেন, ‘মিশর খুবই ভালো দল। চার ম্যাচের মধ্যে তারা মাত্র একটি জিতলেও প্রতিপক্ষকে সবসময় নাচিয়ে ছেড়েছে। ওরা কেপ ভার্দের মতো রক্ষণাত্মক দল নয়, বরং আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে আমাদের বিপক্ষে দলগুলো অনেক সময় কৌশল বদলে ফেলে, আমরা সব পরিস্থিতির জন্যই প্রস্তুত।’

একাদশে পরিবর্তন আসলেও আর্জেন্টিনার খেলার ধরন বদলাবে না বলে জানিয়েছেন তাদের বিশ্বকাপজয়ী কোচ, ‘কৌশলগত দিক থেকে আমরা একটি ম্যাচে নানা উপায়ে খেলতে পারি। তবে আগামীকাল (আজ) যে দলটি নামবে, সেটি আমাদের স্বাভাবিক খেলার ধরনই অনুসরণ করবে। আমরা অবশ্যই খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে নজর রাখছি, কিন্তু শুরু থেকেই আমাদের মূল কৌশল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।’

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন