নকআউটে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে গোল আদায় করতে পারেনি কোনো দলই। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়া ম্যাচটি গোলশূন্য ব্যবধানেই ড্র হয়েছে। আর এই ড্রয়ের মাধ্যমে গ্রুপসেরা হয়ে কলম্বিয়া ও রানারআপ হয়ে পর্তুগাল নকআউট পর্বে পা রাখল।

রাউন্ড অব বত্রিশে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন রোনালদোরা। আগামী ৩ জুলাই নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধি ঘানার।

৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সমান তিনটি ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থেকে শেষ করেছে পর্তুগিজরা। এদিকে ৪ পয়েন্ট আছে ডিআর কঙ্গোর। এই তিন দলই ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

আজ (রোববার) বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ম্যাচজুড়ে আক্রমণ-প্রতি আক্রমণে পরস্পরকে চেপে ধরে পর্তুগাল ও কলম্বিয়া। গোল না পেলে লাগাতার আক্রমণ রোমাঞ্চকর লড়াই জমিয়ে তোলে। তবে তুলনামূলক পজেশন ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। ৫৫ শতাংশ পজেশনের পাশাপাশি তারা ২৪টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে, আর পর্তুগালের ১৩ শটের দুটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ গোল করার খুব কাছাকাছি ছিলেন, তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস তাকে হতাশা উপহার দেন। পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা ছয়টি সেভ করেছেন, যা দলের প্রথম দুই ম্যাচে তার মোট সেভের চেয়েও বেশি।

অন্যদিকে, কলম্বিয়ার হয়ে দ্বিতীয়ার্ধের শেষ দিকে ডেভিনসন সানচেজ লিড পেয়েই গিয়েছিলেন। কিন্তু তার গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন