২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্যতম আকর্ষণীয় ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ জুন (রবিবার) ভোর ৪টায় শুরু হবে। বিশ্বকাপের শুরুতেই এই ম্যাচকে গ্রুপ পর্বের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। কারণ একদিকে রয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল, অন্যদিকে ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো।
তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। দলের সবচেয়ে পরিচিত তারকা নেইমার জুনিয়র কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া যাচ্ছে না।নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে বাড়তি দায়িত্ব নিতে হবে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও অন্যান্য তারকাদের। ম্যাচের আগে ভিনিসিয়ুস জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই এখন তার একমাত্র লক্ষ্য। ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর স্বপ্ন নিয়েই মাঠে নামতে চান তারা।
অন্যদিকে মরক্কো আর নিজেদের ‘আন্ডারডগ’ মনে করছে না। দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, ২০২২ বিশ্বকাপের সাফল্যের পর তারা এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করতে প্রস্তুত। আশরাফ হাকিমি , সোফিয়ান আমরাবাত ও ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া মরক্কো ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলতে চায়।
ব্রাজিলের নতুন কোচ হিসেবে এটি হবে আনচেলত্তির প্রথম বিশ্বকাপ ম্যাচ। দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে তার দলের জন্য শুরুটাই গুরুত্বপূর্ণ। তবে মরক্কোও জানে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেলে নকআউট পর্বের পথে বড় সুবিধা পাওয়া যাবে।
ফুটবল বিশ্বের কোটি সমর্থকের চোখ তাই এখন মেটলাইফ স্টেডিয়ামের দিকে। নেইমারবিহীন ব্রাজিল কি জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে, নাকি মরক্কো আবারও চমক দেখাবে তার উত্তর মিলবে রবিবার ভোরে।
খুলনা গেজেট/এনএম

