ক্রীড়া খাতকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী বাজেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ প্রস্তাবের দেন।
তিনি বলেন, খেলাধুলা, ইভেন্ট, মিডিয়া, ক্রীড়াপণ্য, পর্যটন ও সেবা—এই সবকিছুর সমন্বয়ে ক্রীড়া খাতকে এমনভাবে বিকশিত করা হবে, যা দেশে নতুন কর্মসংস্থান, আয় ও বিনিয়োগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।
বাজেট বক্তৃতায় জানানো হয়, প্রধানমন্ত্রীর পূর্বঘোষণা অনুযায়ী ইতোমধ্যে দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। এই বিশেষ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে দীর্ঘমেয়াদি বৃত্তি প্রদান করা হবে।
প্রাথমিকভাবে এই কর্মসূচিতে মোট আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট।
সরকারি তথ্য অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর এবং ৪৭ হাজার ১৩০ জন কিশোরীসহ মোট ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছে।
খুলনা গেজেট/এমএম

