চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের বড় ব্যবধানে হারের পর ভারতীয় দলের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটি আহমেদাবাদে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেয়। এই হার ভারতের সেমিফাইনালে ওঠার পথ কঠিন করে তুললেও শাস্ত্রী বলেছেন, টুর্নামেন্টের শুরুর দিকেই এমন হার হওয়াটা বরং ভালো।
আইসিসি রিভিউতে তিনি বলেন, ‘আমি খুশি যে হারটা শুরুতেই এসেছে, বিশেষ করে এমন একটি দলের বিপক্ষে যারা সেমিফাইনালে যাওয়ার দাবিদার। হয়তো এই ধাক্কাটাই ভারতের প্রয়োজন ছিল। এতে তারা কৌশল ও দলগঠন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। আমি নিশ্চিত তারা ঘুরে দাঁড়াবে এবং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। সুপার এইটে আরেকটি ম্যাচ হারলে বড় চাপে পড়ে যেতে হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অক্ষর প্যাটেলকে না খেলানো নিয়েও আলোচনা হয়েছে। তার বদলি হিসেবে খেলানো ওয়াশিংটন সুন্দর প্রত্যাশা পূরণ করতে পারেননি প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অক্ষরকে দলে ফেরানো উচিত, প্রয়োজনে ওয়াশিংটনের সঙ্গে একাদশে রাখা যেতে পারে।’
তিনি বলেন, ‘অভিজ্ঞতা দরকার। সম্ভব হলে দু’জনকেই খেলান। যেকোনো দিনে একজন বোলারের খারাপ দিন যেতেই পারে। যেমন, গতকাল বরুণ চক্রবর্তী নিজের সেরা ছন্দে ছিল না এবং তার মূল্য দিতে হয়েছে। তাই অতিরিক্ত বোলিং বিকল্প থাকা জরুরি।’
ব্যাটিং গভীরতা নিয়েও মত দেন শাস্ত্রী। তার মতে, অক্ষর খেললে আট নম্বরে ব্যাট করতে পারবেন। সে ক্ষেত্রে পাঁচে হার্দিক পান্ডিয়া, ছয়ে শিভাম দুবে, সাতে ওয়াশিংটন এবং আটে অক্ষর; এমন সমন্বয় দলকে শক্তিশালী করবে। প্রয়োজনে অক্ষর পাঁচ নম্বরেও ব্যাট করতে সক্ষম।
তবে অক্ষর ও ওয়াশিংটন দু’জনকেই খেলালে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন শাস্ত্রী। সে ক্ষেত্রে রিংকু সিংকে একাদশের বাইরে রাখতে হতে পারে।
শাস্ত্রীর ভাষায়, ‘টি-টোয়েন্টিতে যদি আটজন ব্যাটার কাজটা করতে না পারে, তাহলে কোথাও সমস্যা আছে। এত শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকা সত্ত্বেও আসল ঘাটতি হচ্ছে অতিরিক্ত বোলিং বিকল্প না রাখা। রিংকু বাদ পড়তে পারে, তবে তাকে খেলালে সেটা বিশেষজ্ঞ কোনো ব্যাটারের জায়গায় হওয়া উচিত।’
খুলনা গেজেট/এমএনএস

