রবিবার । ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৯ই ফাল্গুন, ১৪৩২

শিরোপা ধরে রাখার মিশনের শুরুতে বিধ্বস্ত মেসিরা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের বছরে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে লিওনেল মেসি কোনো ছাপ রাখতে পারলেন না। ইন্টার মায়ামি তাদের এমএলএস কাপ ধরে রাখার মিশনে শুরুতেই হোঁচট খেল। গতকাল (শনিবার) এলএ কলিসিয়ামে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩-০ গোলে হেরেছে তারা।

এমএলএসের দুই উজ্জ্বল নক্ষত্রের লড়াইয়ে লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল। ৭৫ হাজার ৬৭৩ দর্শকের সামনে এলএএফসির সন হিউ মিন ছাপিয়ে গেছেন মেসিকে।

এমএলএসের রেকর্ড চুক্তি সন লস অ্যাঞ্জেলসে প্রথম পূর্ণ মৌসুমের শুরুতে দারুণ ছাপ রাখলেন। ৩৭তম মিনিটে ম্যাচের প্রথম গোলে ডেভিড মার্তিনেজকে সাহায্য করেন তিনি।

দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় সমতাসূচক গোলের খোঁজে মরিয়া ছিল মায়ামি। কিন্তু এলএএফসি তাদেরকে বড় ধাক্কা দেয় দ্বিতীয় গোল করে। মায়ামির ডিফেন্স চেড়া লম্বা পাস দেন টিমোথি টিলমান। নতুন গোলকিপার ডইন সেন্ট ক্লেয়ার তার পেনাল্টি এরিয়ার বাইরে থাকায় ডেনিস বোয়াঙ্গা বল পান। তারপর তাকে ঘুরিয়ে খালি জালে বল জড়ান।

সন উষ্ণ অভ্যর্থনায় মাঠ ছাড়ার পর তার বদলি নাথান ওরদাজ স্টপেজ টাইমে তৃতীয় গোল করেন। বোয়াঙ্গার ক্রসে লক্ষ্যভেদ করেন তিনি।

মেসি সেভাবে ছাপ রাখতে পারেননি। তার গোল করার পরিষ্কার সুযোগ এসেছিল প্রথমার্ধের স্টপেজ টাইমে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার উঁচু শট লক্ষ্যচ্যুত হয়। হ্যামস্ট্রিং চোট থেকে সুস্থ হয়ে এই ম্যাচে ফেরেন তিনি।

নতুন চেহারার মায়ামির আক্রমণভাগকে নেতৃত্ব দিতে হয়েছে মেসিকে। তার দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুশকেটস ডিসেম্বরে অবসর নিয়েছেন। কোচ জাভিয়ের মাসচেরানো তার শুরুর একাদশ সাজান তিন অভিষিক্তকে দিয়ে। মেক্সিকোর জার্মান বার্টারেম ছিলেন মেসির সঙ্গে। নবাগত ব্রাজিলিয়ান মিকায়েল ছিলেন রক্ষণে। আর্জেন্টাইন ফুলব্যাক ফাকুন্দো মুরারও অভিষেক হয়েছে এদিন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন