টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা দলের জন্য বড় দুঃসংবাদ। চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গেলেন দলের অন্যতম সেরা তারকা ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেতে পারেন বোলিং অলরাউন্ডার দুশান হেমন্ত।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কাঁধের চোটের কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হয়েছে লঙ্কান এই স্পিন জাদুকরকে।
কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং করার সময় এই বিপত্তি ঘটে। নিজের প্রথম ওভার করার সময়ই কাঁধে তীব্র ব্যথা অনুভব করেন হাসারাঙ্গা। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান। তবে দলের প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও মাঠে ফেরেন এবং নিজের কোটার ৪ ওভার পূর্ণ করেন। ব্যথানাশক নিয়েও দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৫ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে জানা যায়, চোট গুরুতর হওয়ায় টুর্নামেন্টেই আর খেলা হচ্ছে না তার।
বোলিং আক্রমণে হাসারাঙ্গা ছিলেন মূল ভরসা। বিশেষ করে ইনিংসের মাঝের ওভারগুলোতে উইকেট শিকার এবং প্রতিপক্ষের রানের গতি মন্থর করার ক্ষেত্রে তার জুড়ি নেই। এছাড়া লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার সামর্থ্যও রয়েছে তার। ঘরের মাঠে এমন একজন গেম চেঞ্জারকে হারানো লঙ্কানদের জন্য বড় ধাক্কা।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার পরের ম্যাচ ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে। তারপর একই ভেন্যুতে ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।
খুলনা গেজেট/এমএনএস

