শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে জয়খরা কাটালো ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া ইংল্যান্ড বিরতির পর জালের দেখা পেল আরও একবার। দাপুটে জয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে খরা কাটাল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল। একটি করে গোল করেন হ্যারি ম্যাগুইয়ার, জেডন স্যানচো ও ডমিনিক ক্যালভার্ট-লুইন।

৩৫ বছরের বেশি সময় পর রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে জিতল ইংল্যান্ড। এর আগে সবশেষ ১৯৮৫ সালের মার্চে একই মাঠে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল তারা।

আর রিপাবলিক অব আয়ারল্যান্ডের সবশেষ জয়টি ১৯৮৮ সালের জুনে, স্টুর্টগার্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১-০ গোলে। এরপর থেকে দুই দলের ছয়বারের দেখায় প্রতিবারই হয় ড্র।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন