ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টি, বজ্রসহ ঝড় ও দমকা হাওয়ায় বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন। শনিবার রাজ্যের ৬৩ জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৭টি ঘর ।

প্রশাসনের তথ্য অনুযায়ী, মাটির দেয়াল ধসে পাঁচজন এবং ঝড়ে গাছ উপড়ে পড়ায় আরো পাঁচজন নিহত হন। গোরখপুরে গাছ পড়ে চারজন নিহত ও আহত হয়েছেন ১৪ জন । লক্ষ্ণৌসহ কয়েকটি জেলায় ঘরবাড়ি ও ফসলেরও ক্ষতি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে স্বাভাবিকের তুলনায় ১৯ গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। লক্ষ্ণৌয়ে ১২৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বান্দায় ২২৭ দশমিক ৬, ফতেহগড়ে ২২৪ এবং বাহরাইচের নানপারায় ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, পূর্ব ও মধ্য উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কয়েকটি নদী অববাহিকায় আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকির কথাও জানানো হয়েছে।

প্রবল বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে, বিশেষ করে নেপালে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ার আশঙ্কায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা ।

রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। উদ্ধার ও ত্রাণ সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন