কোটি টাকার উন্নয়ন, তবু ভাঙা সড়কের জনপদ ডুমুরিয়া

ডুমুরিয়া প্রতিনিধি

উন্নয়নের পরিসংখ্যানে ডুমুরিয়া এগিয়ে। কাগজে-কলমে সড়ক উন্নয়নে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। খুলনা মহানগরী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ডুমুরিয়া উপজেলা এখন ভাঙা, দেবে যাওয়া ও ঝুঁকিপূর্ণ সড়কের জনপদে পরিণত হয়েছে। উপজেলার এমন কোনো গুরুত্বপূর্ণ সড়ক খুঁজে পাওয়া কঠিন, যেখানে খানাখন্দ, ভাঙন কিংবা চলাচল অযোগ্য অংশ নেই।

সরেজমিনে দেখা গেছে, টোলনা-শাহাপুর, আড়ংঘাটা-শোলগাতিয়া, শোলগাতিয়া-খর্ণিয়া বাজার, থুকড়া-সাজিয়াড়া গফফার সড়ক, ডুমুরিয়া-মিকশিমিল, কাঠালতলা বাজার-মাগুরখালী (কপিলমুনি), চিংড়া-শোভনা ইউনিয়ন পরিষদ সড়ক, ডুমুরিয়া-মির্জাপুর (গুটুদিয়া হয়ে), রুদাঘরা ইউনিয়ন পরিষদ-কপালিয়া ব্রিজ এবং ফুলতলা-ডুমুরিয়া বাজার সংযোগ সড়কসহ অধিকাংশ আঞ্চলিক ও গ্রামীণ সড়কই বেহাল। বর্ষার পানিতে অনেক স্থানে পিচ উঠে গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে বিপুল অর্থ ব্যয়ে সড়ক সংস্কার হলেও অধিকাংশ কাজ ছিল নিম্নমানের। ফলে নির্মাণ বা সংস্কারের মাত্র দুই থেকে তিন বছরের মধ্যেই সড়কগুলো আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উন্নয়নের নামে ব্যয় হয়েছে জনগণের অর্থ, কিন্তু টেকসই অবকাঠামো গড়ে ওঠেনি।

সবচেয়ে নাজুক অবস্থা শাহাপুর-দৌলতপুর সড়কে। প্রায় প্রতিদিনই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে চুকনগর বাজার এলাকায় ভদ্রা নদীর ওপর গুরুত্বপূর্ণ সেতুর একটি অংশ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। এতে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

মাগুরখালী এলাকার বিএনপি নেতা অরুণ গোলদার বলেন, উন্নয়নের জোয়ারের কথা শুনি, কিন্তু বাস্তবে কাদা আর ভাঙা রাস্তা দিয়ে চলতে হয়। অধিকাংশ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কোটি কোটি টাকা ব্যয়ের পরও কেন সড়কগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে না? কেন প্রতি বছর সংস্কারের নামে নতুন বরাদ্দ প্রয়োজন হচ্ছে? এর দায় কার?

এদিকে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে কিছু এলাকায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদারের নেতৃত্বে গফফার সড়ক ও মির্জাপুর-গুটুদিয়া সড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় আদলা ইট ফেলে চলাচল উপযোগী করার কাজ চলছে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানালেও এটিকে সাময়িক সমাধান বলে মনে করছেন।

তাদের দাবি, দায়সারা সংস্কার নয় প্রয়োজন টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ, কাজের মান তদারকি এবং দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত।

উন্নয়নের গল্পে যখন দেশ এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তখন ডুমুরিয়ার ভাঙা সড়কগুলো যেন উল্টো এক বাস্তবতার সাক্ষ্য বহন করছে। কোটি টাকার প্রকল্পের পরও যদি মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত না হয়, তাহলে সেই উন্নয়নের সুফল কোথায়-এ প্রশ্নই এখন ডুমুরিয়ার লাখো মানুষের মুখে মুখে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন