অস্ট্রিয়ার ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রানি নাজলির ৬৭৩টি হীরাখচিত একটি হার চুরি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টস (এমএকে)–এ প্রদর্শনী চলার সময় দুই ব্যক্তি হাতুড়ি দিয়ে কাচের বাক্স ভেঙে হারটি নিয়ে পালিয়ে যান। নিরাপত্তা ক্যামেরায় তাদের ছবি ধরা পড়েছে। এখন তাদের খুঁজছে পুলিশ।
চুরি হওয়া হারটি প্লাটিনামের তৈরি। এতে থাকা হীরার মোট ওজন ২০০ ক্যারেট। ১৯৩৯ সালে মেয়ের বিয়েতে হারটি পরেছিলেন রানি নাজলি। ২০১৫ সালে নিউইয়র্কে সোথবির নিলামে এটি ৪৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তি টিকিট কেটে জাদুঘরে ঢুকেছিলেন। প্রদর্শনী চলার সময় তারা হাতুড়ি দিয়ে কাচের বাক্সটি ভাঙেন। এরপর হারটি নিয়ে জাদুঘর থেকে বেরিয়ে যান। পুলিশ বলেছে, ‘অপরাধীরা গয়না নিয়ে অজ্ঞাত দিকে পালিয়ে গেছে।’
ঘটনার পর ভিয়েনার শহরকেন্দ্রে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজনদের খুঁজতে পুলিশ একটি কুকুরও ব্যবহার করে। অস্ট্রিয়ার সংবাদপত্র ক্রোনেন জানিয়েছে, তদন্তকারীরা ধারণা করছেন, কোনো অপরাধী চক্রের হয়ে চুক্তিতে এই চুরি করা হয়ে থাকতে পারে।
চুরির সময় প্রদর্শনীকক্ষে কয়েকজন মানুষ ছিলেন। তবে কেউ আহত হননি।
হারটি ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের একটি গয়না প্রদর্শনীর অংশ ছিল। গত জুন থেকে এমএকে জাদুঘরে প্রদর্শনীটি চলছিল। সেখানে ফরাসি এই গয়না নির্মাতা প্রতিষ্ঠানের ৩০০টির বেশি কাজ দেখানো হচ্ছিল।
প্রদর্শনীর নথি অনুযায়ী, রানি নাজলি ১৯৩৯ সালে মেয়ে ফাওজিয়ার বিয়েতে হারটি পরেছিলেন। ফাওজিয়ার বিয়ে হয়েছিল তৎকালীন ইরানের যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির সঙ্গে। পরে তিনি ইরানের শাহ হন।
এমএকে জানিয়েছে, প্রদর্শনীতে প্রায় ২০০টি বিশেষ ও খুব কম দেখা যায় এমন সামগ্রী ছিল। এর মধ্যে জাদুঘরের নিজস্ব সংগ্রহের পাশাপাশি ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের ১২০ বছরের ইতিহাসের বিভিন্ন সময়ের গয়নাও ছিল।
চুরির পর শুক্রবার বিকেলে নির্ধারিত একটি গাইডেড ট্যুর বাতিল করা হয়েছে। প্রদর্শনীটিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর এটি শেষ হওয়ার কথা ছিল।
ভিয়েনার এই চুরির ঘটনা ইউরোপের জাদুঘরে সাম্প্রতিক কয়েকটি বড় চুরির ঘটনার মধ্যে সর্বশেষ।
গত বছরের অক্টোবরে দিনের বেলায় প্যারিসের ল্যুভর জাদুঘরে ঢুকে কয়েক মিনিটের মধ্যে রাজপরিবারের গয়না চুরি করে পালিয়ে যায় চোরেরা। এসব গয়নার মূল্য ছিল ৮ কোটি ৮০ লাখ ইউরো।
বৃহস্পতিবার স্পেনের ভিলেনা শহরে ‘ট্রেজার অব ভিলেনা’ থেকেও চুরি হয়েছে। ব্রোঞ্জ যুগের স্বর্ণের এই সংগ্রহকে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ পুরোনো স্বর্ণের সংগ্রহ বলা হয়।
চলতি মাসে ইতালির সিসিলির মেসিনা শহরের একটি জাদুঘর থেকে ১৫ শতকের শিল্পী আন্তোনেলো দা মেসিনার চারটি গুরুত্বপূর্ণ চিত্রকর্ম চুরি হয়। জাতীয় ছুটির দিনে এই ঘটনা ঘটে।
এর দুই দিন আগে ইতালির পুলিশ জানায়, তারা পল সেজান, পিয়ের-অগুস্ত রেনোয়া ও অঁরি মাতিসের তিনটি চিত্রকর্ম উদ্ধার করেছে। চলতি বছর পারমার কাছে একটি ব্যক্তিমালিকানাধীন জাদুঘর থেকে এগুলো চুরি হয়েছিল।
চলতি মাসে ইউরোপোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের জাদুঘরে চুরি ক্রমেই সহিংস হয়ে উঠছে। চোরেরা কখনো বন্দুক ব্যবহার করছে। জাদুঘরের কর্মীদের ওপর হামলাও করছে। কোথাও বড় হাতুড়ি, কুঠার এমনকি বিস্ফোরক ব্যবহার করে তারা লক্ষ্যবস্তুতে পৌঁছাচ্ছে।
খুলনা গেজেট/এনএম

