ভারতের অন্যতম শিল্পনগরী পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে প্রথম বর্ষের এক তরুণ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিহার থেকে ডাক্তারি পড়তে আসা ওই শিক্ষার্থীর নাম অভিষেক কুমার (২০)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিহারের সীতামারির বাসিন্দা অভিষেক দূর্গাপুরের কাঁকসার রাজবাঁধের একটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সেখানে এক সহপাঠীর সাথে কলেজের হোস্টেলেই থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর সহপাঠী নমাজ পড়তে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করেও অভিষেকের কোনও সাড়া না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে হোস্টেল ও কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
ঘরের দরজা ভাঙা হলে ভিতরে ঝুলন্ত অবস্থায় অভিষেককে দেখা যায়। দ্রুত তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। মরদেহ পুলিশ ময়নাতদন্ত পাঠিয়েছে।
খুলনা গেজেট/এনএম

