জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনপ্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জুলাই) নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই গোপন ভোটের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাত প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে।
পরপর দুই মেয়াদে পাঁচ বছর করে দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষেই বিদায় নিচ্ছেন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক। নিয়ম অনুযায়ী তার মেয়াদ শেষে নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন।
গুতেরেসের স্থলাভিষিক্ত হতে আর্জেন্টাইন, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার সাতজন প্রার্থী বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নিরাপত্তা পরিষদে মহাসচিব নির্বাচনের এই প্রাথমিক অনানুষ্ঠানিক ভোটকে ‘স্ট্র পোল’ বলা হয়। এতে ১৫টি সদস্যদেশের প্রতিনিধিরা প্রতিটি প্রার্থীর বিষয়ে তিনটি ক্যাটাগরিতে নিজেদের মতামত প্রকাশ করবেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ এবং ‘কোনো মতামত নেই’।
সাধারণত চূড়ান্ত সিদ্ধান্তের আগে কয়েক দফায় এ ধরনের স্ট্র পোল বা মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রক্রিয়াটি আগামী সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুর দিকে শেষ হতে পারে। তবে কোনো একক গ্রহণযোগ্য প্রার্থী নিয়ে সার্বিক ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলে সময় আরো বাড়তে পারে।
খুলনা গেজেট/এএজে

