তরুণদের প্রশংসায় ভারতের বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তরুণদের নেতৃত্বে গঠিত আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিরোধী দলগুলোর কয়েক সপ্তাহের টানা ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নিজেই এই পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন ধর্মেন্দ্র। আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘটনায় তরুণ আন্দোলনকারীদের সাধুবাদ জানিয়েছে দেশটির বিরোধী রাজনীতিকরা।

দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লিতে জনসমাবেশ ও আন্দোলনের জন্য নির্ধারিত স্থান যন্তর মন্তরে আন্দোলন পরিচালনা করা অনলাইন ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজিপি) ও সরকারের মাঝে তৃতীয় দফার বৈঠকের ঠিক আগেই পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

দেশটির বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে শিক্ষার্থী ও ঐক্যবদ্ধ বিরোধী দল—উভয়কেই এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ভারতের ‘শিক্ষার্থীদের প্রতিধ্বনি’ অবশেষে অহংকারী ক্ষমতার দ্বারে পৌঁছেছে। শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে দেশজুড়ে রাজপথে সোচ্চার হওয়া আমাদের লাখ লাখ তরুণের জয় এটি। এটি সত্যের জয় এবং মোদির জেদের পরাজয়।

তিনি লিখেছেন, এটি সেইসব পরিবারের জয়, যারা তাদের সন্তানকে হারিয়েছে, রক্ত দিয়েছে। কারণ এই সরকার দুর্নীতিগ্রস্ত। এটি ঐক্যবদ্ধ বিরোধী দলের জয়; যারা শিক্ষার্থীদের স্বার্থে সংসদ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত সোচ্চার আছেন।

‌‌‘‘এখন আমাদের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া এবং যাদের ওপর লাঠি ও পেলেট গান দিয়ে হামলা চালানো হয়েছিল; সেইসব হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পালা মোদির।’’

এক্সে দেওয়া পোস্টে শিবসেনা (ইউবিটি) সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ; মোদি-শাহ অপরাজেয় নন… তারাও বিদায় নেবেন! আর আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এটিকে গণতন্ত্রের বড় জয় হিসেবে বর্ণনা করেছেন।

এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, ‘‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সমগ্র দেশকে অভিনন্দন। গণতন্ত্রের বড় জয়।’’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন