শুক্রবার । ৬ই মার্চ, ২০২৬ । ২১শে ফাল্গুন, ১৪৩২

নতুন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

৫ হাজার টন ক্ষমতাসম্পন্ন নতুন একটি ডেস্ট্রয়ার আনুষ্ঠানিকভাবে কমিশন করার আগে সেখান থেকে ‘কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র’ পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন খোদ দেশটির নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

উত্তর কোরীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার (৪ মার্চ) চোয়ে হিয়ন নামের নতুন সেই ডেস্ট্রয়ারের মাধ্যমে সমুদ্র থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন কিম। এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার একটি মৌল উপাদান হিসেবে মূল্যায়ন করেন তিনি। জাহাজটিকে উত্তর কোরিয়ার ‘সমুদ্র প্রতিরক্ষার নতুন প্রতীক’ বলেও উল্লেখ করেন কিম।

একই ধরনের বা এর চেয়েও উন্নত শ্রেণির আরও যুদ্ধজাহাজ নির্মাণের আহ্বান জানিয়ে কিম বলেন, নৌবাহিনীতে পারমাণবিক অস্ত্র সংযোজনের কাজে অগ্রগতি হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত নামপো শিপইয়ার্ডে দেয়া বক্তব্যে কিম বলেন, ‘আমাদের নৌবাহিনীর পানির নিচ থেকে এবং ওপর থেকে আঘাত হানার সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজ সন্তোষজনক অগ্রগতি অর্জন করছে।’

তিনি আরও বলেন, ‘এই সব সাফল্য আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় একটি মৌলিক পরিবর্তন এনে দিয়েছে, যা অর্ধশতাব্দী ধরে আমাদের নাগালের বাইরে ছিল।’

দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়া সাধারণত ‘কৌশলগত’ অস্ত্র বলতে এমন অস্ত্র বোঝায় যেগুলোতে পারমাণবিক সক্ষমতা থাকতে পারে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও সামরিক শক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দক্ষিণ কোরিয়ার চাপ মোকাবিলা করতে সামরিকভাবে শক্তিশালী হওয়া তাদের জন্য অপরিহার্য।

২০১১ সালের শেষ দিকে ক্ষমতায় আরোহণের পর থেকে সামরিক শক্তি বৃদ্ধিকে প্রধান অগ্রাধিকার হিসেবে ধরে রেখেছেন কিম জং উন। একই সঙ্গে দেশের দীর্ঘস্থায়ী দারিদ্র্য মোকাবিলায় অর্থনৈতিক উন্নয়নের ওপরও গুরুত্ব দিয়ে আসছেন তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন