বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

হরমুজ প্রণালিতে ভয়াবহ হামলা, ২ ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে। এতে দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং।

আশীষ কুমারের বাড়ি ভারতের বিহারে এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাংকার স্কাইলাইট ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মুসান্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। এর আগে দেশটির দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনাও ঘটে।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার (স্কাইলাইট) মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

ট্যাংকারে ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি, তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

তবে বিবৃতিতে ট্যাংকারে কী ধরনের হামলা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি।

সরকারি তথ্য অনুযায়ী, হামলার পর দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। হামলায় তাদের দেহ পুড়ে যায়। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে উদ্ধার করা হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, হামলার সময় সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেন আশীষ কুমারের সঙ্গে ছিলেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন