ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং দেশটির জব্দ করা অর্থে প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে-এমন খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ওই প্রতিবেদনকে ‘হোক্স’ বলে দাবি করেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও এক দফায় পরোক্ষ আলোচনা হয়েছে। মঙ্গলবারের মধ্যে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাব পাওয়ার আশা করছে তেহরান।
আরাঘচি বলেন, আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মঙ্গলবার পাওয়া যেতে পারে-‘আশা করা যায়’।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই আলোচনা ও ট্রাম্পের মন্তব্য সামনে এলো। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা জব্দ করা অর্থ ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না, তা নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো স্পষ্টভাবে এক নয়।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সপ্তাহান্তে উপসাগরীয় দেশটিতে সফরের সময় প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা এবং নেতানিয়াহুর আমিরাত সফর-দুই ঘটনাই মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে নতুন করে গুরুত্ব পেয়েছে।
খুলনা গেজেট/এনএম

