মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

ভালো নেই দিলীপ কুমার

বিনোদন ডেস্ক

ভারতের কিংবদন্তি অভিনেতা মোহাম্মদ ইউসুফ খান, যিনি দিলীপ কুমার নামে পরিচিত, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। ৯৭ বছর বয়সী এ অভিনেতার স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, দিলীপ কুমার খুব একটা ভালো নেই এবং তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে বলিউড বাবলের খবর, দিলীপ কুমারের শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন সায়রা বানু। বলেছেন, ‘‌‌তিনি খুব একটা ভালো নেই। শরীর দুর্বল। মাঝেমধ্যে তিনি একটু হাঁটাহাটি করেন এবং ঘরে ফিরে আসেন। তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাঁর সুস্থতার জন্য দোয়া করুন। প্রতিটি দিনের জন্য আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ।’

গত ২৬ নভেম্বর দিলীপ কুমার টুইটারে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন। ওই ছবিতে দুজনই সাদা পোশাকে ছিলেন।

কিছুদিন আগে দিলীপ কুমারের দুই ভাই এহসান ও আসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ওই সময় সায়রা বানু টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, দুই ভাইয়ের মৃত্যুর খবর দিলীপ কুমারকে জানানো হয়নি।

গেল মার্চে যখন ভারতে করোনা মহামারি ভয়াবহ রূপ ধারণ করে, তখন দিলীপ কুমার জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ আইসোলেশন ও কোয়ারেন্টিনে রয়েছেন। ভক্তদের আশা, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এ কিংবদন্তি অভিনেতা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন