রবিবার । ২২শে মার্চ, ২০২৬ । ৮ই চৈত্র, ১৪৩২

ঈদের দিন সালমান বললেন ‘ড্যাড ইজ ব্যাক’

বিনোদন ডেস্ক

প্রতি বছরের মতো এবারও ঈদে ভক্তদের হতাশ করেননি বলিউড সুপারস্টার সালমান খান। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় করা হাজার হাজার ভক্তের উচ্ছ্বাসে যোগ দিতে পরিবারের সঙ্গে ব্যালকনিতে হাজির হন তিনি।

তবে এবারের ঈদ কেবল আনন্দ নয়, বরং স্বস্তির বার্তা নিয়ে এসেছে খান পরিবারে। প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কিংবদন্তি চিত্রনাট্যকার ও সালমানের বাবা সেলিম খান।

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের সকালে প্রথা মেনেই বারান্দায় উপস্থিত হন সালমান খান। তবে এবার তার পাশে ছিলেন পিতা সেলিম খান। প্রিয় তারকাকে দেখে ভক্তরা উল্লাসে ফেটে পড়েন; কেউ হাত নাড়ছিলেন, কেউবা ছুড়ে দিচ্ছিলেন উড়ন্ত চুমু। বুলেটপ্রুফ কাঁচের নিরাপত্তা বলয়ের ভেতর থেকে সালমানও ভক্তদের শুভেচ্ছার জবাব দেন।

সেই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন বলিউড ভাইজান নিজেই। সালমান খান তার প্রকাশিত ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘ঈদ মোবারক, আপনাদের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। বাবা বাড়ি ফিরে এসেছেন, ধন্যবাদ’।

প্রসঙ্গত, সালমান খানের বাবা সেলিম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে ঈদের কয়েক দিন আগে বাড়ি ফিরেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এটিই তার প্রথম জনসমক্ষে উপস্থিতি।

সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, যা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে সালমান খানকে দেখা যাবে আসন্ন ‘মাতৃভূমি’ সিনেমায়। শুরুতে এ সিনেমার নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ছবিতে কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন