মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিবেক

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা বিবেক ওবেরয় বর্তমানে ব্যস্ত তার নতুন কমেডি সিনেমা ‘মাস্তিই ফোর’-এর প্রচারণায়। কিন্তু হাসির সিনেমা মুক্তির আগে আগে তিনি মনে করিয়ে দিলেন তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। আর এ নিয়েই আলোচনায় অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোড’ সিনেমার শুটিং চলাকালীন ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনা, যা অল্পের জন্য তার প্রাণ বাঁচায়। সাম্প্রতি সাক্ষাৎকারে বিবেক জানান, শুটিংয়ের জন্য তারা বিকানের থেকে জয়সালমের যাচ্ছিলেন গভীর রাতে। সেই সময় তিনি ড্রাইভারকে অন্তত ১৫-২০ বার ধীরে গাড়ি চালাতে অনুরোধ করেছিলেন। বিবেক বলেন,“রাস্তাটা সুন্দর ছিল, কিন্তু রাত ছিল, দৃশ্যমানতা কম। তাই বারবার বলেছিলাম সাবধানে চালাতে। তিনি তখন গাড়ির সামনের সিটেই বসেছিলেন যা পরবর্তীতে তার কাছে জীবনের বড় সতর্কবার্তা হয়ে আসে।

হঠাৎ করেই ঘটে বিপদ। অন্ধকার রাস্তায় একটি উটগাড়ি হঠাৎ সামনে চলে আসে। উটগাড়ির লোহার রড সোজা গাড়ির উইন্ডশিল্ড ভেদ করে ঢুকে পড়ে। বিবেক বলেন, আমি সিটটা একটু পেছনে হেলিয়ে দিয়েছিলাম। যদি সিটটা সোজা থাকত, সেই রডগুলো সরাসরি আমার বুকে ঢুকে যেত। আমি এক ইঞ্চি দূরত্বে মৃত্যু দেখে ফেলেছিলাম। রডগুলো মাথার ওপর আটকে থাকায় তিনি কিছুক্ষণ নড়তেও পারেননি, তবে অলৌকিকভাবে অক্ষত ছিলেন।

এই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন আর কখনও রাতে ভ্রমণ করবেন না এবং সামনের সিটে বসবেন না। শুধু তাই নয়, পরে আরেকটা ঘটনায় একজন বেপরোয়া ড্রাইভারের নিয়ন্ত্রণ নিয়েও তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেই গাড়ি চালিয়ে যান। দীর্ঘদিন পর সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে বিবেক বলেন যে জীবন সবসময়ই অপ্রত্যাশিত এবং এক মুহূর্তেই বদলে যেতে পারে।

এদিকে ‘মাস্তি’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘মাস্তিই ফোর’ আবারও নিয়ে আসছে বিবেক, রিতেশ দেশমুখ ও আফতাব শিবদাসানি জুটিকে। হাস্যরস, বিশৃঙ্খলা ও পুরোনো স্মৃতির ফিরে আসা সব মিলিয়ে ছবিটি ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন