শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক

আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রতারণা এবং চেক বাউন্সের মামলায় অভিনেত্রী ও তার ব্যবসায়ী সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে রাঁচির সিভিল কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর বলছে, মামলায় সমন পাঠানোর পর আমিশা বা তার আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না আদালতে। এ কারণ অসন্তোষ প্রকাশ করেছে রাঁচি সিভিল কোর্ট।

অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেছিলেন রাঁচি হারমু জেলার বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তার ভাষ্যমতে অভিযোগ, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এ প্রযোজকের দাবি, তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ৫০ লাখ টাকা স্থানান্তর করেছিলেন। সিনেমাটির শুটিং ২০১৩ সালে শুরু হলেও তা এখনো শেষ হয়নি।

অজয় কুমার সিংয়ের দাবি, আমিশা ও তার ব্যবসায়ীক পার্টনার আশ্বাস দিয়েছিলেন সিনেমাটি শেষ হওয়ার পর সুদের সঙ্গে মূল অর্থ ফেরত পাবেন। বারবার দেরি হওয়ার পর ২০১৮ সালের অক্টোবরে আড়াই কোটি এবং ৫০ লাখ টাকার দুটি চেক দেন অভিনেত্রী। যা বাউন্স হয়ে যায়। তারপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা করেন প্রযোজক অজয়।

এদিকে প্রতারণা এবং চেক বাউন্সের মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল ধার্য করা হয়েছে। ওই দিন আদালতে অংশীদারসহ আমিশা উপস্থিত থাকবেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন