খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ডি’ ইউনিটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। বিভাগভেদে ভর্তি পরীক্ষায় ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে।
নতুন সিলেবাস অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে প্রশ্ন থাকবে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকবে ইংরেজি, সাধারণ জ্ঞান ও হিসাববিজ্ঞান। অন্যদিকে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক ড. রুমানা হক বলেন, গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অধীন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আদলে বিভাগভিত্তিক নিম্নলিখিত সিলেবাসে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তবে ভর্তি পরীক্ষায় প্রতিটি বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন বা নম্বর বণ্টন পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।
খুলনা গেজেট/এনএম

