জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের পর এবার চার সহকারী প্রক্টরও দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি চাওয়ায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোসা. জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম প্রক্টর পদ থেকে অব্যাহতি চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
এর আগে, গত ২৯ জুলাই জারি করা দুটি পৃথক অফিস আদেশে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়। উভয় নিয়োগই ২৯ জুলাই থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৬ মে তারা প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন। এরপর টানা দুই মাস ১৩ দিন ধরে অফিস বন্ধ ছিল।
সাবেক প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের পর আন্দোলনরত শিক্ষার্থীরা এদিন বিকেলে প্রক্টর অফিসের তালা খুলে দেন।

