মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

জালিয়াতি-নকল রোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কড়া বার্তা

গেজেট প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র পাঠানোর ক্ষেত্রে এবার কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিশেষ করে পরীক্ষার হলে যেকোনো ধরনের জালিয়াতি, নকল এবং ওএমআর শিট পূরণে অনিয়ম রোধে পরীক্ষার্থী ও কেন্দ্র সংশ্লিষ্টদের জন্য জারি করা হয়েছে একগুচ্ছ কড়া নিয়ম।

বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকদের অবশ্যই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের ছবির সাথে চেহারার মিল এবং ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না তা যাচাই করতে হবে। ওএমআর ফরম পূরণে কোনো ভুল হলে তা ঘষা-মাজা বা ফ্লুইড ব্যবহার না করে কেটে সঠিকভাবে ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষায় নকল করে, তবে আলামতসহ উত্তরপত্রে লাল কালি দিয়ে চিহ্নিত করে তা মূল খাতার সাথে সংযুক্ত করতে হবে।

পরীক্ষা শেষে উত্তরপত্র এবং ওএমআর ফরম প্রেরণের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ম মানতে হবে। ওএমআর ফরমের প্রথম অংশ সাবধানে বিচ্ছিন্ন করে রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে করোগেটেড বক্সে প্যাকেট করতে হবে। তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্রগুলো অনধিক ৫০টি করে বান্ডেল করে নীল রঙের মার্কিন কাপড়ে মুড়িয়ে গালাশীল করতে হবে এবং প্রতিটি প্যাকেটের ওপর ‘পরীক্ষা কোড-২২০৪’ সুস্পষ্টভাবে লিখতে হবে। পরীক্ষার দিনই উত্তরপত্রগুলো ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, কোনো অবস্থাতেই রেলওয়ের মাধ্যমে পাঠানো যাবে না।

পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পরীক্ষার হলে একে অপরের সাথে যোগাযোগ করা, ধূমপান করা, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা এবং অসদুপায় অবলম্বনকে অপরাধ হিসেবে ধরা হয়েছে। এসব অপরাধের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী এক থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ হতে পারে। আর পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অসদাচরণ বা কেন্দ্র ভাঙচুর করলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি।

এছাড়া বিশেষ বিবেচনায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন বলেও জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন