বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ২০ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সাথে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোও বন্ধ থাকবে।
রবিবার (৮ মার্চ) রাতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের আলোকে এই ছুটি ঘোষণা করা হয়েছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি উইকেন্ড প্রোগ্রামগুলোও এই ছুটির আওতায় থাকবে।
তবে অফিসসমূহ ১৭ মার্চের আগ পর্যন্ত খোলা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর ১১টি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- দিনের বেলায় বৈদ্যুতিক বাতির বদলে প্রাকৃতিক আলোর ব্যবহার নিশ্চিত করা, এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা এবং অফিস ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা। এছাড়া ক্যাম্পাসে সব ধরনের আলোকসজ্জা পরিহার ও গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ছুটির সময়সীমা শেষে পুনরায় নির্ধারিত সূচি অনুযায়ী একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
খুলনা গেজেট/এএজে

