বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

গেজেট প্রতিবেদন

কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগ নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতি অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জারি করা নির্দেশনায় বলা হয়েছে—

  1. সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।
  2. অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিস ছুটি বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টা নির্ধারণ করা হয়েছে।
  3. অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে দপ্তর ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের প্রধান— রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক বা প্রকাশনা নিয়ন্ত্রকের অনুমতি নিতে হবে এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী ডিজিটাল হাজিরা প্রদান করতে হবে।
  4. বোর্ডের সব আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনও কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, অফিস ত্যাগ করলে বা বিলম্বে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন