জবির ১ম বর্ষে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর

গেজেট প্রতিবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ২০ নভেম্বর। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে আবেদন ফি হিসেবে A, B, C ও D প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে এক হাজার টাকা এবং E ইউনিটের জন্য এক হাজার ২০০ টাকা প্রদান করতে হবে। আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি জবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/সমমান ও ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

উল্লেখ্য, জবির ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা ১৩ ডিসেম্বর বেলা ৩টা থেকে সাড়ে ৪টা; এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা ২৬ ডিসেম্বর সকাল ১১ টা থেকে ১২ টা। সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১১ টা থেকে ১২টা। ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা ৯ জানুয়ারি সকাল ১১ টা থেকে ১২ টা। বি-ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা ২৩ জানুয়ারি সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন