চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ/লেভেল-১ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd)) এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ১৭ জুন শনিবার সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চুয়েট, কুয়েট ও রুয়েট ক্যাম্পাসে একসাথে অনুষ্ঠিত হয়। চুয়েট, কুয়েট ও রুয়েটে মোট ২৪৯৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার শতকরা হার ৮৩.২২। কুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৮৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৪৮ জন উপস্থিত ছিল যার শতকরা হার ৮৩.৪৩, চুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৮৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭৫৯ জন উপস্থিত ছিল যার শতকরা হার ৮১.১৮, রুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৮৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০৮১ জন উপস্থিত ছিল যার শতকরা হার ৮৫.০৫।
সম্মিলিতভাবে ক গ্রুপে ১ থেকে ১৩, ২৯০ পর্যন্ত এবং খ গ্রুপে ১ থেকে ৭৯৭ পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায়

যে যততম হয়েছেন, সেটিই সম্মিলিতভাবে তাঁর মেধাস্থান। মেধাস্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের (ক গ্রুপে ১ থেকে ১৩, ২৯০ ও খ গ্রুপে ১ থেকে ৭৯৭) ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় ও বিষয়ের পছন্দক্রম দিতে হবে। ১৬ জুলাই সকাল ৯টা থেকে ২২ জুলাই দুপুর ১২টা পর্যন্ত এ পছন্দক্রম দেওয়া যাবে। পরবর্তীকালে তাঁদের ভর্তির জন্য ডাকা হবে। চুয়েট, কুয়েট ও রুয়েটে প্রথম পর্যায়ে ভর্তির জন্য ডাকা হয়েছে ক গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাক্রম ১ থেকে ৩৫০০ এবং খ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) ১ থেকে ১২০ পর্যন্ত। সশরীর ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট ও রুয়েটে অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুলাই। যে প্রার্থী যে কেন্দ্র্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁকে সেই কেন্দ্র থেকেই ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। চুয়েট ও রুয়েটে আসনসংখ্যা যথাক্রমে ১২৩৫ ও ৯৩১টি।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট, কুয়েট, রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) পাওয়া যাবে। – খবর বিজ্ঞপ্তির

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন