একাদশে ভর্তি

যশোর বোর্ডে প্রথম ধাপে ১ লাখ ৩৩ হাজার আবেদন : ফল প্রকাশ ২৫ আগস্ট

মোহাম্মদ মিলন

যশোর শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ে ১ লাখ ৩৩ হাজার ১৯৯ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। গত ৯ অগাস্ট সকাল ৭টা থেকে ২০ অগাস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেন বলে খুলনা গেজেটকে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানী।

বোর্ড সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ২৫ অগাস্ট রাত ৮টায়। প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন (যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএসে নিশ্চিত করা) করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

৫-৬ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

৭-৮ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর।

১১ ও ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। ওই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

১৩ সেপ্টেম্বর রাতো কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে। আর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

এদিকে এ বছর যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৫৮৪টি সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে ২ লাখ ৫১৪ টি আসন রয়েছে। গত ৩১ মে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে উর্ত্তীণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৪৩ জন শিক্ষার্থী। মাধ্যমিক উত্তীর্ণ সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি-বেসরকারি কলেজগুলোতে ৬০ হাজার ২৭১টি বেশি আসন রয়েছে।

যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানী জানান, যশোর বোর্ডের আওতায় ১০ জেলায় মোট ৫৮৪টি সরকারি-বেসরকারি কলেজ রয়েছে। চলতি শিক্ষাবর্ষে এসব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ২ লাখ ৫১৪ টি আসন রয়েছে। শিক্ষার্থীদের চেয়ে আসন সংখ্যা অনেক বেশি। যে কারণে ভর্তি কার্যক্রমে কোন সমস্যা হবে না।

আবেদন করবেন যেভাবে : এবার শুধু অনলাইনের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। আর নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ এবং রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।

এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল থাকছে। তবে, অন্যান্য কোটা নিয়ে নীতিমালায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে। মেধা এবং পছন্দক্রম অনুসারে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে। একাদশে ভর্তির জন্য সব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংশ্লিষ্ট অপারেটরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন