৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণে সময় বাড়াল মাদ্রাসা বোর্ড

গেজেট প্রতিবেদন

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির এবছরের বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। তবে বোর্ড ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ সেপ্টেম্বর। বোর্ড জানিয়েছে, এরপর আর সময় বাড়ানো হবে না। রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বোর্ড অনুমোদিত সব মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্টদের এ সময়ের মধ্যে ফরম পূরণের প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর থেকে এ দুই বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু হয়। প্রাথমিক সময়সূচি অনুযায়ী, ফরম পূরণের শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর এবং বোর্ড ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১১ সেপ্টেম্বর। পরে বিশেষ বিবেচনায় উভয় সময়সীমাই বাড়ানো হলো।

নতুন সময়সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রতি পরীক্ষার্থীর নির্ধারিত বোর্ড ফি অনলাইনে জমা দিতে হবে। ফি বোর্ডের সিস্টেমে জমা হওয়ার পরই শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে। এরপর ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

এদিকে, চলতি বছরের পরীক্ষায় বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি, সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার ৫ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ অংশ নিতে পারবে। আর দাখিল ৮ম শ্রেণির পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেণির নিবন্ধনের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে।

প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। এ টাকা অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। এর বাইরে ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। পরে প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ বা সুপারিনটেনডেন্টকে ওই অর্থ সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দিতে হবে।

ইবতেদায়ি ৫ম শ্রেণির ফরম পূরণের ক্ষেত্রে মাদ্রাসার ইআইআইএন বা কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘ইবতেদায়ি বৃত্তি এন্ট্রি’ অপশন থেকে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করতে হবে। ফি জমা হলে শিক্ষার্থীর তথ্য দেওয়ার সুযোগ পাওয়া যাবে। তথ্য দেওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধন শেষে চূড়ান্তভাবে জমা দিতে হবে।

শিক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম ও জন্মনিবন্ধন নম্বর ভর্তি রেজিস্টার ও জন্মসনদ অনুযায়ী সঠিকভাবে দেওয়ার নির্দেশনা রয়েছে।

দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘জেডিসি/৮ম বৃত্তি ই-এফএফ ২০২৬’ অপশন নির্বাচন করতে হবে। এরপর সম্ভাব্য তালিকা প্রিন্ট করে সেখান থেকে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অস্থায়ী তালিকা তৈরি করে তথ্য যাচাই-বাছাই করা যাবে। ফি পরিশোধের ২৪ ঘণ্টা পর চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা সক্রিয় হবে। সেটি প্রিন্ট করে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর নিতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন