৭ সেপ্টেম্বর থেকে পাঁচ ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পাবেন

গেজেট প্রতিবেদন

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মূল আমানতের টাকা ফেরত দেয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে। প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাবে জমা থাকা সম্পূর্ণ মূল অর্থ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে এ অর্থের সঙ্গে কোনো মুনাফা পাবেন না তারা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আমানত ফেরতের জন্য আবেদন গ্রহণ শুরু করবে ব্যাংকটির শাখাগুলো।

এক বিশেষ প্রজ্ঞাপনে সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনাবলি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি জানান হয়।

ওই নির্দেশনায় জানানো হয়, ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী এবং বিভিন্ন মেয়াদি হিসাব (যেমন-এমটিডিআর ও ডিপিএস) থেকে গ্রাহকরা তাদের জমানো মূল টাকা তুলে নিতে পারবেন। তবে যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী পূর্বনির্ধারিত হারে যথারীতি মুনাফা পেতে থাকবেন। পরবর্তী সময়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ মিলবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন