সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিনামূল্যে রেল ভ্রমণের সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে সরকার। একই সঙ্গে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে তাদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রেল ভ্রমণে বিশেষ সুবিধার ঘোষণা আসে।
এ ছাড়া প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে তাদের মাসিক ভাতা বৃদ্ধি করে এক হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতাপ্রাপ্তির সংখ্যা এক লাখে উন্নীত করা হবে এবং শিক্ষার স্তরভেদে মাসিক ভাতা এক হাজার থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত করার প্রস্তাব রয়েছে।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসিক ৮৫০ টাকা করে সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

