ছয় বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ল এই চীনা শিশু

গেজেট প্রতিবেদন

মাত্র ৬ বছর বয়সি এক চীনা শিশু রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতায় নারীদের বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে লিয়ান ইউংঝি নামের এই শিশুটি চীনের গুয়াংজু ও উহান শহরে আয়োজিত দুটি ভিন্ন প্রতিযোগিতায় নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলছে।

গড়ে মাত্র ৪.২৭ সেকেন্ড সময়ে ৩×৩ আকারের রুবিকস কিউব মিলিয়ে সে এই তাক লাগানো রেকর্ড গড়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-এর তথ্য অনুযায়ী, চেংদু শহরের এই খুদে স্পিড কিউবার প্রথম নারী হিসেবে সাড়ে চার সেকেন্ডের কম সময়ে কিউব মেলানোর অনন্য রেকর্ড গড়লেন। ‘ঝিঝি’ ডাকনামের এই শিশুটি ইতোমধ্যে ১ হাজার ৩০০-র বেশি রুবিকস কিউব সলভিং অ্যালগরিদম আয়ত্ত করেছে।

লিয়ানের মা লিন ইয়াংসি জানান, তার মেয়ে প্রতিদিন নিয়ম করে দুই থেকে তিন ঘণ্টা রুবিকস কিউব নিয়ে চর্চা করে। নাচ ও সঙ্গীতের পাশাপাশি শখের বশে কিউব ক্লাসে ভর্তি হলেও পরবর্তীতে মেয়ের মেধা ও আগ্রহ দেখে তারা এই স্পিড কিউবিংয়েই বেশি মনোযোগ দেন।

মায়ের মতে, নিয়মিত রুবিকস কিউব চর্চা শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং যৌক্তিক চিন্তাভাবনা বাড়াতে দারুণভাবে সাহায্য করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন